দ্বিতীয় দফাতেও মেলেনি অন্নপূর্ণার টাকা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের।
নিজস্ব সংবাদদাতাঃ- দ্বিতীয় দফার সময়সীমা পেরিয়ে গেলেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগে উত্তেজনা হাওড়া গ্রামীণ পুলিশ এলাকার পানিয়ারায়। সোমবার সকালে প্রথমে পানিয়ারা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা।

তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় অনলাইন ও অফলাইন ফর্ম পূরণ করে জমা দেওয়া সত্ত্বেও এখনও তাঁদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা ঢোকেনি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর ক্ষুব্ধ মহিলারা বিডিও অফিসের সামনে জাতীয় সড়কে জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে অবিলম্বে প্রাপ্য অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। এদিকে, রাস্তা অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।

