জাতীয় ক্রীড়া মানচিত্রে ঝাড়গ্রামের জোড়া মুকুট।
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: অনূর্ধ্ব-১৫ সুব্রত কাপে দেশের সেরা হয়ে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রদের সাফল্যে যখন উচ্ছ্বসিত গোটা জেলা, তখনই জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতাতেও সাফল্য এল ঝাড়গ্রামের মুকুটে। জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ও মাস্টার্স)-২০২৬-এ রুপো ও ব্রোঞ্জ পদক জিতে জেলার মুখ উজ্জ্বল করলেন দুই প্রতিযোগী।
মধ্যপ্রদেশের ইন্দোরে ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হয় জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা। এমেচার কিকবক্সিং অ্যাসোসিয়েশন অফ মধ্যপ্রদেশের ব্যবস্থাপনায় এবং ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক বিভাগে মোট ২২ জন প্রতিযোগী অংশ নেন।

ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিকবক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে জেলার হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মানস পাল, দেবপর্ণ পাণিক রাই, নির্মল মাহাতো এবং ত্রিলোকনাথ চক্রবর্তী। তাঁদের মধ্যে ফুল কনট্যাক্ট বিভাগে রুপোর পদক জেতেন মানস পাল। অন্যদিকে লো কিক বিভাগে ব্রোঞ্জ পদক পান দেবপর্ণ পাণিক রাই। বক্সিংয়ের অন্যান্য বিভাগে নির্মল মাহাতো নবম এবং ত্রিলোকনাথ চক্রবর্তী পঞ্চম স্থান অধিকার করেন।
সংগঠনের সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী বলেন, ‘‘ঝাড়গ্রামের প্রতিযোগীরা ভাল খেলেই জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে আরও ভাল ফলাফল হবে, সেটাই আমাদের লক্ষ্য।’ আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ থেকে ঝাড়গ্রামে ফিরবেন প্রতিযোগীরা।

