বোলপুরের মহিদাপুরে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ভারতীয় টাকা ও বিদেশি মুদ্রা- চাঞ্চল্য।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম: টুলু মণ্ডল-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বীরভূমে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বোলপুরের মহিদাপুর এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে ট্রলি ব্যাগ ভর্তি ভারতীয় টাকার পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

এই আকস্মিক ঘটনায় জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক জল্পনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থেকে ছেড়ে আসা একটি বিলাসবহুল গাড়ি বোলপুরের মহিদাপুর হয়ে কলকাতা কিংবা অন্য কোনো জেলায় যাওয়ার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। আর তাতেই বেরিয়ে আসে আসল রহস্য। গাড়িটির ভেতর থেকে ট্রলি ব্যাগভর্তি নগদ ভারতীয় টাকার পাশাপাশি মার্কিন ডলার সহ একাধিক বিদেশি মুদ্রা উদ্ধার হয়।
তবে ঠিক কী কারণে এত বিপুল পরিমাণ ভারতীয় ও বিদেশি মুদ্রা গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। টাকাগুলির উৎস কী এবং এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি এবং আটক করা হয়েছে গাড়িতে থাকা ব্যক্তিদের।

এলাকাবাসীর একাংশের মতে, সাম্প্রতিক টুলু মণ্ডল-কাণ্ডের আবহে বীরভূমে ফের এ ধরনের বিপুল নগদ উদ্ধার হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। এই টাকার সঙ্গে কোনো চোরাচালান বা হুন্ডির যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।

