দূর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় ডেপুটেশন।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- দিনকয়েক আগে হাওড়ার শিবপুরের মন্দিরতলায় গোলায় রাখা দূর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় এবার থানায় ডেপুটেশন দেওয়া হলো। ঘটনার দিন প্রতিমা তৈরির গোলায় ঢুকে একাধিক দুর্গাপ্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিবপুর থানায় ডেপুটেশন জমা দেয় ‘ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ সংগঠনের হাওড়া জেলা কমিটি। ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনের সদস্যরা।

পাশাপাশি, ওই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখার আবেদন জানানো হয়। অভিযোগ, ঘটনার পর গতকাল রাতে ফের ওই প্রতিমা শিল্পীকে ‘হুমকি’ দেওয়া হয়। সেখানে রাস্তার উপর আর দুর্গাপ্রতিমা রাখা যাবে না বলে ভয় দেখানোর অভিযোগও উঠেছে।

প্রতিমা শিল্পী ও কারিগরদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে মৃৎশিল্পীদের এই সংগঠন।

