প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার, চললো ডিম থেরাপী।

হাওড়া: প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা হাওড়ার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র গ্রেপ্তার, স্বাধীনতা দিবসের সকালে থানার বাইরেই চললো ‘ডিম-থেরাপি’। ধাক্কাধাক্কি ও মারধরের চেষ্টার অভিযোগ। হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তথা ২৬নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্রকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্নীতি, তোলাবাজি, ভীতি প্রদর্শন, সরকারি কাজে বাধা, ভোটগণনার দিন মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন, মারধর সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই মামলাগুলির তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে কলকাতার ইকোপার্ক থানা এলাকা থেকে শ্যামল মিত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে হাওড়ায় এনে শিবপুর থানায় রাখা হয়। শনিবার তাঁকে আদালতে পেশ করার জন্য থানার বাইরে নিয়ে আসা হলে সেখানে বেশ কিছু মানুষ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে শ্যামল মিত্রকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এরপর গাড়িতে ওঠার সময় তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরের চেষ্টা করা হয়। কয়েকজন তাঁকে চড়-ঘুষিও মারেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকর্মীরা দ্রুত শ্যামল মিত্রকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে পুলিশের গাড়িতে তোলেন। এরপর তাঁকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।পুলিশের তরফে জানানো হয়েছে, শ্যামল মিত্রের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্ত এখনও চলছে। আদালতে পেশের পর শুরু হবে পরবর্তী আইনি প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *