স্টেশনে লিফট বিকল, আতঙ্কিত যাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- শুক্রবার রাতে হাওড়ার লিলুয়া স্টেশনে লিফট বিকল হয়ে ভিতরে আটকে পড়েন মহিলা, শিশু, বৃদ্ধ-সহ ৯ যাত্রী। আচমকা লিফটটি মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এবং প্রায় অর্ধেক অংশ নীচের গর্তের ভিতরে ঢুকে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

ভিতর থেকে তাঁদের চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, লিলুয়া স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নীচে নামার সময় আচমকাই বিকল হয়ে যায়। লিফটে আটকে পড়ে আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বেলুড় জিআরপির আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে লিফটের দরজা সরিয়ে আটকে থাকা যাত্রীদের একে একে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সকল যাত্রীই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে কী কারণে লিফটটি আচমকা বিকল হয়ে গেল এবং কেন সেটি মাঝপথে আটকে গিয়ে নীচের গর্তের ভিতরে ঢুকে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

