বেহাল রাস্তা, জমা জলের দুর্ভোগ; পথ অবরোধ স্থানীয়দের।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- বেহাল রাস্তা ও জমা জলের দুর্ভোগের জেরে বেলুড় স্টেশন সংলগ্ন এমএলবি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বেলুড় স্টেশন যাওয়ার ওই প্রধান সংযোগকারী রাস্তাটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই ম্যানহোল উপচে রাস্তায় জল জমে যাচ্ছে। ফলে যাতায়াত কার্যত বন্ধ হওয়ার জোগাড়। এমতাবস্থায় এলাকায় সাপ ও পোকামাকড়ের উপদ্রব মারাত্মকভাবে বাড়ছে। স্কুলের পড়ুয়ারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না।

বেহাল রাস্তার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বারবার পুরসভা ও প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই আজ এই পথ অবরোধ শুরু হয়।

দ্রুত রাস্তা মেরামত এবং ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার সম্পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

